টেকনাফ এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল (পাউডার) ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড ও র্যাব। বুধবার (২৮ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র্যাব-১৫ এর সমন্বয়ে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভের পূর্ব পার্শ্বে হ্যাচারি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় র্যাব ডগ স্কোয়াডের সাহায্য নেওয়া হয়। জঙ্গলের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত হালকা হলুদ রঙের একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার ইয়াবা, ১ কেজি সম্ভাব্য ইয়াবা তৈরির কাঁচামাল (পাউডার) ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা।
উপকূলীয়, নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। অবৈধ মাদকদ্রব্য পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জব্দ করা মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।






