আগামী ৫ মে’র পরিবর্তে একদিন পিছিয়ে ৬ মে (মঙ্গলবার) দেশে ফিরছেন লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (৩ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, কাতার আমিরের দেয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) ৫ মে লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার (৬ মে) ঢাকায় পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে সময়ের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছিল, যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত হয়।






