খেলাধুলা

হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম গ্লেন ম্যাক্সওয়েল ডট লাইভে (GlennMaxwell.live) এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন এই অজি অলরাউন্ডার।

(সোমবার) দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্ট-এর একটি দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার। এ সময় তিনি জানান, ২০২২ সালে তার পা ভেঙে যাওয়ার পর থেকে ওডিআই ক্রিকেট শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করছে। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচগুলোর পর শরীরে ব্যথা অনুভব করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ফরম্যাটের এই খেলাগুলো এখন তার জন্য আগের মতো সহজ নয় এবং আগের সেই শারীরিক সক্ষমতা ধরে রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। ২০১২ সালের আগস্টে অভিষেকের পর থেকে মোট ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৫০ ওভারের ফরম্যাটে দুটি বিশ্বকাপ জয়, চারটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরির কীর্তি নিয়ে অবসর নিলেন ম্যাক্সওয়েল।

৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্যালেন্ডারে এই ফরম্যাটের পরবর্তী বড় টুর্নামেন্ট হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটিতে খেলে ফরম্যাটটি ছাড়তে পারেন অজি এই তারকা।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন স্টিভেন স্মিথ। এবার তার পথেই হাঁটলেন ম্যাক্সওয়েল। অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি, তবে আবার লাল বলের ক্রিকেটে তার দলে ফেরার সম্ভাবনা খুবই কম। এই ফরম্যাটে সর্বশেষ তিনি খেলেছেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে—প্রায় আট বছর আগে।

নিউজ টাইমস বিডি২৪ ডেস্ক :

Leave a Reply