Topজাতীয়

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার রাতে সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন।

একে সরকারি সফর বলা হলেও সফরে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে অনেকে মনে করছেন। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানিয়েছে। কিন্তু সেটি কবে কখন হবে তা আজও চূড়ান্ত হয়নি।

তবে এসবের বাইরে প্রধান উপদেষ্টার এই সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একটি বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানিয়েছে, মি. ইউনূসের তরফ থেকেই এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। যদিও সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের কোন বৈঠক হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

এদিকে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার ঢাকা ছাড়ার কথা থাকলেও চূড়ান্ত সফরসূচি তার সফরসঙ্গীদেরও সোমবার দুপুর পর্যন্ত দেয়া হয়নি।

এ সফরে বিটিভি ও পিআইডির প্রতিনিধি নেয়া হলেও সরকারি বার্তা সংস্থা বাসসের কোনো প্রতিনিধিসহ আর কোন সাংবাদিককে নেয়া হচ্ছে না, যা অনেকটা নজিরবিহীন বলে অনেকের কাছে মনে হচ্ছে। ।

আবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের তালিকায় নাম আছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নামও। এটিকেও অনেকে বিরল ঘটনা বলে মনে করছেন।

সরকারি বার্তা সংস্থা বাসস অবশ্য প্রধান উপদেষ্টার কার্যালয়কে উদ্ধৃত করে বলেছে ‘তাঁর এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ’।

ওদিকে কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে মি. ইউনূসের একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি কখন হবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি।

আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক মি. ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সাথে সাক্ষাতের প্রস্তাব করে চিঠি দিয়েছেন বলে গার্ডিয়ান সংবাদ প্রকাশ করেছে। তার প্রেস উইং অবশ্য আগেই জানিয়েছে যে, টিউলিপ সিদ্দিকের কোন চিঠি তারা পাননি।

নিউজ টাইমস বিডি২৪ ডেস্ক :

Leave a Reply