সারাদেশ

মুদি দোকানে ১ মাসের বিদ্যুৎ বিল ১৩ লাখ ৫৩ হাজার টাকা!

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক মুদি দোকানদারের নামে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এই অস্বাভাবিক বিল পেয়ে এলাকাজুড়ে শুরু হয় চাঞ্চল্য। তবে পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, এটি একটি প্রিন্টিং ত্রুটি। উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী দোকানদার আব্দুল হাকিম জানান, রোববার দুপুরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তাড়াশ জোনাল অফিসের একজন বিলিং সহকারী তার দোকানে মে মাসের বিদ্যুৎ বিল দিয়ে যান। বিল হাতে নিয়ে তিনি দেখতে পান, তার নামে বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। অস্বাভাবিক এই বিল দেখে তিনি হতবাক হয়ে যান।

আব্দুল হাকিম জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে জানান। পরে বিলের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ বিষয়ে তাড়াশ পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামসুজ্জামান বলেন, এটি মূলত একটি প্রিন্ট মিসটেক। আমরা বিষয়টি জানার পরই দ্রুত সংশোধন করে দিয়েছি। একইসঙ্গে বিল প্রিন্টের সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে আরও সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ টাইমস বিডি২৪ ডেস্ক :

Leave a Reply