সারাদেশ

গাইবান্ধায় ২২৫৪টি সিমকার্ডসহ দুই হ্যাকার গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩) দিবাগত রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নগদ ১১ লাখ ৪ হাজার টাকা, ২ হাজার ২৫৪টি সিমকার্ড, মাদক, সিসি ক্যামেরা, হার্ডডিস্ক, মোবাইল ফোন ও হ্যাকিংয়ে ব্যবহৃত নানা ধরনের ডিভাইস উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে মাসুম বিল্লাহ ও নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া, তারা দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ ও রকেট অ্যাকাউন্ট হ্যাক করে সামাজিক নিরাপত্তা ভাতাভোগীসহ সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত থেকেই অভিযান পরিচালনা করা হয়, যা মঙ্গলবার সকাল পর্যন্ত চলে। অভিযানে হ্যাকিং চক্রের এই দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত চলছে।

নিউজ টাইমস বিডি২৪ ডেস্ক :

Leave a Reply