প্রযুক্তি

ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করা বন্ধ, জানা গেল ৫ কারণ

আমরা অনেকেই সহজে ওয়েবসাইটে লগইন করার সুবিধার জন্য আমাদের ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করি। যদিও এটি ব্যবহারকারীর জন্য সুবিধাজনক, তবে নিরাপত্তার দিক থেকে এটি ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ব্রাউজারের বিল্ট-ইন পাসওয়ার্ড ম্যানেজারের পরিবর্তে একটি ডেডিকেটেড পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। নিচে উল্লেখ করা হলো কেন ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করা থেকে বিরত থাকা উচিত।

১. সিঙ্কিং এর মাধ্যমে সহজেই পাসওয়ার্ড ফাঁস হতে পারে

যখন আপনি একাধিক ডিভাইসে ব্রাউজার সিঙ্কিং চালু রাখেন, তখন আপনার পাসওয়ার্ডগুলোও সিঙ্ক হয়ে যায়। এতে করে একাধিক ডিভাইসে আপনার সংবেদনশীল তথ্য ছড়িয়ে পড়ে, যা নিরাপত্তার জন্য হুমকি। একটি ডিভাইস হ্যাক হলে, সহজেই সব তথ্য পাচার হয়ে যেতে পারে। প্রকৃত পাসওয়ার্ড ম্যানেজারগুলো সাধারণত স্থানীয়ভাবে তথ্য সংরক্ষণ করে, যা তুলনামূলকভাবে নিরাপদ।

২. অন্য কেউ আপনার ডিভাইস ব্যবহার করলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারে

আপনার ডিভাইস যদি অন্য কেউ ব্যবহার করে, তাহলে তারা সহজেই আপনার ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। এমনকি দূর থেকে হ্যাকারেরাও আপনার ব্রাউজারে রাখা তথ্য হাতিয়ে নিতে পারে। তাই ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ নিরাপদ নয়।

৩. এক জায়গায় অনেক ব্যক্তিগত তথ্য জমা হয়

ব্রাউজার সাধারণত ফোন নম্বর, ঠিকানা, সার্চ হিস্টোরি এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে রাখে। এর সঙ্গে যদি পাসওয়ার্ডও যুক্ত হয়, তাহলে এক জায়গায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য জমা হয়ে যায়, যা হ্যাকারদের জন্য একটি টার্গেট হয়ে দাঁড়ায়। তথ্য একবার চুরি হয়ে গেলে ক্ষতির পরিমাণ অনেক বড় হতে পারে।

৪. ব্রাউজার পাসওয়ার্ড ম্যানেজারের এনক্রিপশন দুর্বল

ব্রাউজারগুলো সাধারণত সংরক্ষিত পাসওয়ার্ড এনক্রিপ্ট করলেও, অভিজ্ঞ হ্যাকাররা জানে কীভাবে সেগুলো খুঁজে বের করে ডিক্রিপ্ট করতে হয়। ক্রেডেনশিয়াল ডাম্পিং এর মাধ্যমে তারা সমস্ত লগইন তথ্য একত্রিত করে নিতে পারে। অনেক ব্রাউজারেই ডিফল্টভাবে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন থাকে না, যেখানে ভালো মানের পাসওয়ার্ড ম্যানেজারে এটি অন্তর্ভুক্ত থাকে।

৫. পাসওয়ার্ড চুরি করার ম্যালওয়্যারের লক্ষ্যবস্তু হতে পারে

বিশেষ ম্যালওয়্যার যেমন ‘পাসওয়ার্ড স্টিলার’ তৈরি করা হয়েছে শুধুমাত্র ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ড চুরি করার জন্য। এটি আপনার ডিভাইসের নির্দিষ্ট ফোল্ডার স্ক্যান করে পাসওয়ার্ড বের করে ফেলে এবং হ্যাকারদের সার্ভারে পাঠিয়ে দেয়। এছাড়া, ব্রাউজার হাইজ্যাকিংয়ের মাধ্যমে ইউজারের অনুমতি ছাড়াই ব্রাউজার সেটিংস পরিবর্তন করে ফিশিং ওয়েবসাইটে পাঠানো হয়।

ভালো মানের পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন

ডেডিকেটেড পাসওয়ার্ড ম্যানেজারগুলো তুলনামূলকভাবে নিরাপদ। তবে সব পাসওয়ার্ড ম্যানেজারই বিশ্বাসযোগ্য নয়। ভালো পাসওয়ার্ড ম্যানেজার বেছে নিন, যেখানে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন, সেশন টাইমআউট এবং শক্তিশালী এনক্রিপশন আছে। সচেতন থাকলে সাইবার হামলা থেকে নিরাপদ থাকা সম্ভব।

নিউজ টাইমস বিডি২৪ ডেস্ক :

Leave a Reply