ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে দীর্ঘ ৪৩ দিন পর এসেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। পাশাপাশি জানিয়েছেন সকল সেবা কার্যক্রম চালুর কথা।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে নগর ভবনে এসে এক সংবাদ সম্মেলনে কাজ শুরুর ঘোষণা দেন শাহজাহান মিয়া।
তিনি বলেন, ‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এর মধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।’
প্রসঙ্গত, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলন শুরু হয়। ইশরাকের সমর্থকেরা নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। ফলে গত ১৪ মে থেকে সংস্থাটির প্রশাসক নগর ভবনে আসতে পারেননি।
সবশেষ ২২ জুন ইশরাক সমর্থকরা চলমান আন্দোলন কিছুটা সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন। ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া নগর ভবনে এলে তাকে অভ্যর্থনা জানান ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা কর্মচারীরা। সংস্থাটির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও নগর ভবনে আসতে দেখা গেছে।






