এইচএসসি পরীক্ষার প্রথম দিন দলের নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে মোহাম্মদ সানাউল্লাহ নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সানাউল্লাহ নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
শুক্রবার (২৭ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত মোতাবেক দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সারাদেশের ন্যায় বৃহস্পতিবার নোয়াখালীতে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ ৪৮ ঘণ্টা আগেই নিষিদ্ধ করা হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা শুরুর আগে নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করে বিভিন্ন কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। পরবর্তীতে সেই ছবি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। পরে নিজের অ্যাকাউন্টেও ছবিগুলো পোস্ট করে সানাউল্লাহ।
ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক সানাউল্লাহকে দলের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা মোহাম্মদ সানাউল্লাহ জানান, তিনি ওই দিন সকাল সাড়ে ৯টায় পরীক্ষার হলে গিয়েছেন। ওই কেন্দ্রটি নতুন হওয়ায় তার এক আত্মীয়কে রুমে দেখতে যান। তখন পরীক্ষার কোনো কার্যক্রম শুরু হয়নি। শিক্ষকদের অনুমতি নিয়ে মাত্র কয়েক মিনিট ওই কক্ষে ছিলেন এবং তার আত্মীয়কে মানসিক সাহস দেওয়ার জন্যই গিয়েছেন। কোনো রাজনৈতিক কারণে তিনি হলে যাননি কিংবা কোনো বেআইনি কর্মকাণ্ডে লিপ্তও হননি।






