সারাদেশ

মিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, থানা ঘেরাও

রাজধানীর মিরপুরে এক নারীকে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন ওরফে বাবুর্চি জাকিরের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। এরপরই মামলার প্রতিবাদে শাহআলী থানা ঘেরাও করে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার রাত ১টার দিকে থানা ঘেরাও করার কথা নিশ্চিত করেন শাহআলী থানার কর্তব্যরত ডিউটি অফিসার। থানা ঘেরাওয়ের পর বিএনপির নেতাকর্মীরা শাহআলী থানার ওসিরর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর স্লোগান দেন।মামলার আসামি জাকির হোসেন ঢাকা উত্তর সিটির ৮ নম্বর ওয়ার্ড ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক।

জানা গেছে, শাহআলী থানাধীন এইচ ব্লকে বাড়ির বকেয়া ভাড়া চাইতে গেলে বাড়িওয়ালা শারমিন আরা জেসমিন হেনস্থার শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী জেসমিনের আত্নীয় সামিউল জাফর তিন থেকে চারদিন আগে বিএনপি নেতা জাকিরসহ ১২ জনের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগ শনিবার রাতে মামলা হিসেবে রেকর্ড হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘গতকাল রাতেই আমি এ ঘটনা শুনেছি। শাহআলী থানা ওসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। বিএনপির কেউ জড়িত আছে কি না তা তদন্তা করা হচ্ছে।’

শাহআলী থাানর ওসি শফিকুর ইসলাম বলেন, ‘অন্যায় করলে কেউ ছাড় পাবে না, সে যে দলেরই হোক না কেন।’

ডিসি মাকছুদের রহমান বলেন, ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন—জাকির হোসেন তাকে মারধর করেছেন। পরে রাত ১০টার পর তিনি শাহ আলী থানায় এসে মামলা করেন। এ সময় বিএনপি নেতা জাকির হোসেন থানা ঘেরাওয়ের চেষ্টা করেন এবং মামলা রেকর্ড না করার জন্য চাপ সৃষ্টি করেন।

তিনি আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জাকির হোসেনের অনুসারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। ওই নারীকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ টাইমস বিডি২৪ ডেস্ক :

Leave a Reply