Topসারাদেশ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৮ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অন্তত আটজন শ্রমিক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায় অবস্থিত ‘জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ড’-এ এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, কারখানার শ্রমিকেরা অক্সি-অ্যাসিটিলিন গ্যাসের শিখা ব্যবহার করে পুরোনো জাহাজের লোহা কাটার কাজ করছিলেন। এ সময় আগুনের স্ফুলিঙ্গ পড়ে যায় পেছনে জমে থাকা পোড়া তেল ও অন্যান্য দাহ্য পদার্থের ওপর, যা থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

এই আগুনে ঘটনাস্থলে থাকা আটজন শ্রমিক দগ্ধ হন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম নগরের দুইটি হাসপাতালে ভর্তি করা হয়েছে— তিনজনকে সাগরিকা গ্রিন হাসপাতাল এবং পাঁচজনকে ন্যাশনাল হাসপাতাল, মেহেদীবাগ–এ চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিল্প পুলিশ–৩ (চট্টগ্রাম অঞ্চল) এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, দগ্ধদের মধ্যে দুজনের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে। বাকিদের প্রায় ১০ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসা অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, জাহাজভাঙা কারখানাটি ‘গ্রিন শিপইয়ার্ড’ হিসেবে অনুমোদন পেতে প্রক্রিয়াধীন ছিল এবং প্রায় সব শর্ত পূরণ করলেও এখনো চূড়ান্ত সনদ পায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে মামলা করেননি। তবে কেউ অভিযোগ করলে সীতাকুণ্ড থানায় মামলা নেওয়া হবে এবং এরপর শিল্প পুলিশ মামলাটির তদন্ত করবে, বলে নিশ্চিত করেন তিনি।

নিউজ টাইমস বিডি২৪ ডেস্ক :

Leave a Reply