গরুকে মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার অভিযোগে দুই ভুয়া পশু চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ মে) সন্ধ্যায় সাড়ে তাদের এই দণ্ডাদেশ দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের খয়রুল্লা গ্রামের মাহফুজ হোসেন (২৪) ও শফিকুল ইসলাম (৩১)। এর মধ্যে মাহফুজকে চার মাসের ও শফিকুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও খাদিজা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গ্রামের মসজিদের মাইকে প্রচার চালানো হয় গরুকে ল্যাম্পি স্কিন রোগের টিকা দেওয়া হবে। অনেকেই বাড়ির গরু নিয়ে গ্রামের এক জায়গায় জড়ো হন। গরু প্রতি ২০ টাকা করে নিয়ে ৩৭টি গরুকে টিকা দেওয়া হয়। পরে লোকজন বুঝতে পারেন, ওই টিকা মেয়াদোত্তীর্ণ; যে দুজন টিকা দিতে এসেছেন, তারা পশু চিকিৎসক নন। শুরু হয় গরুর মালিকদের সঙ্গে টিকা দেওয়া কথিত দুই পশু চিকিৎসকের বাগ্বিতণ্ডা। খবর পেয়ে পুলিশ ওই দুজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের তাদের কারাদণ্ড দেওয়া হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে কথিত ওই দুই পশু চিকিৎসককে কারাদণ্ডাদেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকালই তাঁদের রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর বলেন, কারাদণ্ডাদেশপ্রাপ্ত ওই দুই ব্যক্তি পশু চিকিৎসক নন। তাদের কাছে পাওয়া টিকা ছিল সরকারি; তবে মেয়াদ উত্তীর্ণ। কীভাবে এসব টিকা তাদের হাতে গেল, সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।






